মোঃ আনিছুল ইসলাম রাজিব,লালমনিরহাট প্রতিনিধি।।
আজ রাতেই বিরল এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ। আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
এই গ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসবে, আর পৃথিবীর ছায়া পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদকে। তবে চাঁদ কালো হয়ে না গিয়ে লালচে আভা ধারণ করবে। এজন্য একে অনেকে বলেন "রক্তিম চাঁদ" বা "ব্লাড মুন"।
বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ভেঙে দেয় এবং ছড়িয়ে দেয়। নীল আলো সহজেই বিক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু লাল আলো পৌঁছে যায় চাঁদে। তাই গ্রহণের সময় চাঁদকে লালচে দেখা যায়।
আজকের গ্রহণ বাংলাদেশ ছাড়াও এশিয়ার অনেক অঞ্চল, বিশেষ করে ভারত ও চীন থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। পাশাপাশি আফ্রিকার পূর্বাঞ্চল ও অস্ট্রেলিয়ার পশ্চিম দিক থেকেও এ দৃশ্য উপভোগ করা সম্ভব হবে।
বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১১টা ৩০ মিনিটে শুরু হয়ে এটি চলবে রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত। অর্থাৎ প্রায় দেড় ঘণ্টা ধরে আকাশে এই দুর্লভ দৃশ্য দেখা যাবে।
চন্দ্রগ্রহণ দেখার জন্য আলাদা কোনো যন্ত্র বা চশমার দরকার নেই। পরিষ্কার আকাশ থাকলেই খালি চোখে দেখা সম্ভব হবে।
এর আগে চলতি বছরের মার্চ মাসে সর্বশেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। এর আগেরটি হয়েছিল ২০২২ সালে।
আজকের রাত তাই জ্যোতির্বিজ্ঞান প্রেমীদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা।