নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। এর আগে তিনি কুমিল্লার হোমনা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, মোঃ শহিদুল ইসলাম ২০১৯ সালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন।
২০২৫ সালের ১ ডিসেম্বর তিনি হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে ২০২৬ সালের ১৯ অক্টোবর চৌদ্দগ্রাম উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এবার তাঁকে নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রথম ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন উপজেলা হিসেবে বাঙ্গরার প্রশাসনিক কাঠামো গড়ে তোলা, সরকারি সেবার কার্যক্রম চালু, আইনশৃঙ্খলা রক্ষা এবং উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রথম ইউএনও হিসেবে তাঁর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।
তাঁর পূর্ববর্তী প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাঙ্গরা উপজেলায় জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।