নিজস্ব প্রতিনিধি।।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মাইকে ডাকাতি সংক্রান্ত গুজব ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা এলাকায় ইমরান খান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত দুইদিন আগে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান খান উপজেলার বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের দিঘীরপাড় পশ্চিমপাড়া খাঁ বাড়ির বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল ওয়াদুদ খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে পোস্ট ও মাইকের মাধ্যমে ডাকাতি সংক্রান্ত গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিউল আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মাইকের মাধ্যমে ডাকাতি সংক্রান্ত গুজব ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে ইমরান খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা আইনত অপরাধ। কেউ যেন যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করে আতঙ্ক সৃষ্টি না করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।