প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ১২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ২:০৫ পি.এম
বিশেষ ট্রেনের দাবিতে লালমনিরহাটে রেলপথ অবরোধ, ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটে বিশেষ ট্রেন চালুর দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের রেলপথ অবরোধ লালমনিরহাট জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাকে স্বাগত জানাতে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বিশেষ ট্রেন অথবা অতিরিক্ত কোচ বরাদ্দের দাবিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ২০২৫ ইং সকাল থেকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে আন্দোলন শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা স্টেশনের প্রধান রেললাইনে অবস্থান নিলে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এই বিষয়ে দলীয় সূত্র জানায়, তারেক রহমানকে বরণ করতে লালমনিরহাট জেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত ১৯ ডিসেম্বর জেলা বিএনপি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিশেষ ট্রেন বা অতিরিক্ত কোচ বরাদ্দের বিষয়ে আলোচনা করে। প্রাথমিকভাবে আশ্বাস দেওয়া হলেও অভিযোগ রয়েছে, ২২ ডিসেম্বর রাত ১২টার দিকে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম কারিগরি সমস্যার কথা জানিয়ে বিশেষ ট্রেন পরিচালনায় অপারগতা প্রকাশ করেন।
রেল কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকাল থেকে আন্দোলনে নামেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর ফলে সকাল ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকা ‘লালমনি এক্সপ্রেস’ নির্ধারিত সময়েও স্টেশন ত্যাগ করতে পারেনি। এছাড়া লালমনিরহাট থেকে বুড়িমারী, কুড়িগ্রাম, রংপুর ও পার্বতীপুর হয়ে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগও সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
এই বিষয়ে রেলওয়ে বিভাগ সাংবাদিকদের জানিয়েছে, বর্তমানে ইঞ্জিন ও কোচের সংকটের কারণে অতিরিক্ত বা বিশেষ ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। তবে উদ্ভূত পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Copyright © 2026 বাংলার টিভি লাইভ. All rights reserved.