নিজস্ব প্রতিনিধি।।
"আপনাদের সহযোগীতায় এই এলাকাকে মাদকমুক্ত করা হবে। মাদক ব্যবসায়ী বা তাদের গডফাদার যে কোনো দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সকলকেই আইনের আওতায় আনা হবে।" মাদকবিরোধী সমাবেশে এমনই কঠিন হুঁশিয়ারি দিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।
সোমবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নে মুরাদনগর থানা পুলিশ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ওসি।
তিনি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না, পরিবার থেকেই সচেতনতার কাজ শুরু করতে হবে। সমাজের সবাই সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব।
এছাড়াও তিনি বলেন, মাদক অনেক অপরাধের অন্যতম উৎস। মাদকের সঙ্গে জড়িত গডফাদার, সরবরাহকারী, বিক্রেতা ও সেবনকারীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তবে মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ মোল্লা, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক কাদের মেম্বার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুজ্জামান, ইউপি সদস্য ছোটন, সাবেক ইউপি সদস্য রমণী মোহন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বক্তারা ছালিয়াকান্দি ইউনিয়নকে মাদকমুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে ছালিয়াকান্দি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।