নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া পূর্বপাড়া এলাকায়
চালককে ছুরিকাঘাত করে একটি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৪ জুলাই ) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মোচাগড়া টু বাখরনগর গামী পাকা রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জনতার সহায়তায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ। অপর ছিনতাইকারি কৌশলে পালিয়ে যায়। এ সময় ছিনতাই হওয়া অটেরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
ছুরিকাঘাতে আহত অটোরিকশার চালক সাইদুল ইসলাম(১৭) কে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের মোঃ মাসুদ মিয়ার ছেলে।
গ্রেপ্তার ছিনতাইকারী হলেন নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের শহিদ মিয়া প্রকাশ ল্যাংড়া শহিদ এর ছেলে আল আমিন(২৩)। অপর পলাতক আসামী কুলুবাড়ী গ্রামের মধু মোল্লার ছেলে মোঃ শামীম মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে আসামী আল আমিন ও মোঃ শামীম মিয়া দুইজন মিলে অটোরিকশাচালক সাইদুল ইসলামকে মোচাগড়া যাওয়ার উদ্দেশ্যে ভাড়া করে। অটোরিকশাটি মোচাগড়া পূর্বপাড়া পৌঁছানোর পর আসামীদ্বয় ইট দিয়ে অটোরিকশা চালক সাইদুল ইসলামের মাথায় আঘাত করে এবং ধারালো ছুরি দ্বারা বুকে, পিঠে আঘাত করে গুরুতর জখম করে অচেতন অবস্থায় ভিকটিমকে রাস্তার পাশে ঝোপের আড়ালে ফেলে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহায়তায় আসামি আল আমিনকে পুলিশ গ্রেফতার করে। এ সময় অপর আসামি মোঃ শামীম মিয়া সুকৌশলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন অটোরিকশা চালক সাইদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহত সাইদুল ইসলামের বাবা মোঃ মাসুদ মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর পলাতক আসামিকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।