নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং কৃষিজমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
"মাদকমুক্ত ও ড্রেজারমুক্ত সমাজ গড়ি, আমাদের সমাজকে সুশৃঙ্খল করি" এই স্লোগানে সোমবার (২০ এপ্রিল) বিকালে ও সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা এলাকায় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বি অভিযান চালিয়ে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। পাশাপাশি ২টি ড্রেজার অপসারণ করা হয়েছে।
ওই দিন সন্ধ্যায় জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে মাদক সেবন করে জনগণের শান্তি বিনষ্ট করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এক ব্যাক্তিকে ১০০ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
সমাজকে মাদকমুক্ত করতে এবং কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।