নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।
সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে খতিয়ে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মুরাদনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টহল পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মণ্ডপের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
পরিদর্শনকালে উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদহহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ইতিবাচক পদক্ষেপ ও তৎপরতায় সন্তোষ প্রকাশ করে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান পূজা কমিটির নেতৃবৃন্দ।