নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের ছালিয়াকান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ছালিয়াকান্দি গ্রামের সাজু উদ্দিনের ছেলে মো. হবিউল্লাহ (৩৩) এবং একই গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে রমজান (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে ছালিয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, মাদকদ্রব্য তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। মাদকমুক্ত সমাজ গঠনে তাঁরা নিয়মিত ও আরও জোরদার অভিযান পরিচালনার পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুরাদনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রবিবার তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।”