নুরুল কবির চট্রগ্ৰাম প্রতিনিধি।।
চট্টগ্রামের সাতকানিয়ায় যথাযথ ডিগ্রি ছাড়া দন্ত চিকিৎসা চালানোয় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ডেন্টাল ক্লিনিককে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। এর মধ্যে দুটি ক্লিনিক সিলগালা করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টানা এক ঘণ্টা অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
অভিযানে সাতকানিয়া থানার পাশেই পরিচালিত মিজান ডেন্টালকে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা, মেয়র গলির জননী ডেন্টালকে ৫০ হাজার টাকা জরিমানা এবং থানা মোড় সংলগ্ন মডার্ণ ডেন্টালকে ২০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এসব ডেন্টাল ক্লিনিকে যথাযথ ডিগ্রি ছাড়া সাধারণ মানুষকে প্রতারণা করে চিকিৎসা দেওয়ার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, যথায ডিগ্রি ছাড়া কেউ চিকিৎসা কার্যক্রম চালাতে পারবে না। এসব ভুয়া ডেন্টিস্টদের কারণে সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।