মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি থেকে বালু উত্তোলনকারী অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা। এসময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ৭টি ড্রেজার মেশিন জব্দ ও পরিবহন সম্ভব নয় বলে ঘটনাস্থলে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপিত প্রায় ২২ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
রবিবার দিনব্যাপী উপজেলার যাত্রাপুর পূর্ব ইউনিয়নের ভবানীপুর ও বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া ও গাজীপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা করেন মুরাদনগর থানা ও বাঙ্গরা থানা পুলিশ ও আনসার বাহিনী।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।