
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে তিন ফসলি জমি হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় প্রায় ১৮হাজার ফুট পাইপ এবং ৭টি ড্রেজার মেশিন পরিবহন করা সম্ভব নয় বলে বিনষ্ট করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের মুকলেশপুর ও কোরের পাড় এবং আকুবপুর ইউনিয়নের মেটংঘর নামক স্থানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা । এসময় অবৈধভাবে মাটি উত্তোলনকারী মো: মুর্শিদ মিয়াকে ঘটনাস্থল হতে আটক করে ৫০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে জরিমানা দিয়ে এবং ভবিষ্যতে এধরনের কোন কাজ করবে না মর্মে মুচলেকা দিয়ে অব্যাহতি লাভ করে মো: মুর্শিদ মিয়া।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।