মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।
পতিত ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার শিকার হয়ে তেরো বছর দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ গত ১ জানুয়ারি নিজ জন্মস্থান কুমিল্লার মুরাদনগর উপজেলায় আসলে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য বুধ, বৃহস্পতি ও শুক্রবার উপজেলা সদরের তার নিজ বাড়িতে সর্বস্তরের মানুষের ঢল নামে। শুধু নিজ উপজেলা নয় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ তার সাথে কুশল বিনিময় করতে আসেন। দীর্ঘ বছর পর প্রিয় নেতাকে কাছে পেয়ে সকলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। প্রিয় এই নেতাকে দেখতে শামসুল হক কলেজের অধ্যক্ষ মাহবুব আলমের নেতৃত্বে হক শিক্ষা কমপ্লেক্সের শিক্ষক ও কর্মচারীবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলামের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষকগন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দিনের নেতৃত্বে প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষকবৃন্দ, দুলাল দেবনাথ এর নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, অধ্যাপক নিত্যানন্দ রায় এর নেতৃত্বে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, উপজেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, হেফাজত ইসলামের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলার নেতৃবৃন্দ, সেনাবাহিনীর (অবঃ) মেজর মোঃ শাহজাহান, সেনাবাহিনীর (অবঃ) ক্যাপ্টেন হারুন রশিদ, হোমনা উপজেলা বিএনপি নেতা সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আবুল হাসেম চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজ মোল্লা, বিএনপি নেতা আলমগীর সরকার, মহিউদ্দিন, মোজাম্মেল হক মুকুল, জাকির হাসান, শাহজাহান চেয়ারম্যান, আক্তার হোসেন প্রমুখ, দেবিদ্বার উপজেলার বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান তারেক মুন্সীসহ মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া মহল্লা হতে দল বেঁধে প্রিয় এই নেতার সাথে দেখা করতে আসেন ও কুশল বিনিময় করেন।
শুক্রবার ফজরের নামাজের পর তার মামার বাড়ি উপজেলার জাহাপুর ইউনিয়নের বইড়াকুড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছে তিনি তার নানা-নানি ও স্বজনদের কবর জিয়ারত করেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।
এ প্রসঙ্গে মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, জনগণের উপচে পড়া ভিড়ে তাদের আন্তরিকতা ও ভালোবাসায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অভিভূত ও মুগ্ধ হন। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।