• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে বৈশাখ রাঙাতে কুমারপাড়ায় ব্যস্ততা

Reporter Name / ১১০ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

আগামী সোমবার (১এপ্রিল) বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। আর এই বৈশাখ উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার একাধিক স্থানে দিনব্যাপী বসে বৈশাখী মেলা। সারা বছর এই কাজের কদর না থাকলেও, বৈশাখ রাঙাতে প্রতিবছরের এই সময়টাতে ব্যস্ত সময় পাড় করেন মৃৎশিল্পের কারিগররা।
আধুনিকতার ছোঁয়ায় এখন বাঙালির মাঝে, আগের মত তেমন কদর নেই মৃৎশিল্পের। নেই এই পেশায় সরকারি তেমন কোন পৃষ্ঠপোষকতা। তাই প্রায় সারা বছরই অধিকাংশ মহিলা মৃৎশিল্পীদের অবসর সময় কাটাতে হয়। আর পুরুষ মৃৎশিল্পীদের অধিকাংশই এখন চলে গেছেন অন্য পেশায়। তবে বাবা-দাদাদের ঐতিহ্য ধরে রাখতে, বাংলা নববর্ষ আসলেই সকল কাজ ফেলে ছুটে আসেন পুরনো এই পেশায়। মৃৎশিল্প থেকে সারা বছর কারিগররা আয়ের মুখ না দেখলেও, বৈশাখের এই মেলাকে ঘিরে থাকে বাড়তি উপার্জনের সম্ভাবনা। আর তাইতো নববর্ষকে সামনে রেখে পুরো একমাস জুড়েই প্রতিটি কুমার পাড়ায় মাটির তৈজসপত্র তৈরিতে ছিল খুব ব্যস্ততা।
সরে জমিনে গিয়ে উপজেলার কামাল্লা ও রামচন্দ্রপুর গ্রামের পাল পাড়ায় দেখা গেছে, প্রায় প্রতিটি বাড়িতেই পহেলা বৈশাখ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জরাজীর্ণ আবাসগুলোতে কেউ মাটি ঘুটছেন, কেউ সেই মাটি ছাঁচে দিয়ে তৈজসপত্র তৈরি করছেন। কেউবা খেলনা শুকানোর পর রংতুলির আঁচড় দিচ্ছেন। বিশেষ করে শিশুদের চাহিদাকে মাথায় রেখে তৈরি করা হচ্ছে ছোট ছোট মাটির হাড়ি-পাতিল, মাটির চুলা, শিল-পাটা, কড়াই, কলস, কুলা, পুতুল, হাতি, ঘোড়া, নৌকা, টিয়া, সিংহ, দোয়েল, কচ্ছপ, মাছ, হাঁসসহ নানা রকম ফল, ফুল আর বাহারি মাটির ব্যাংক, প্লেট, মগ, গ্লাস, চায়ের কাপ ইত্যাদি। এ ছাড়া রয়েছে মাটির তৈরি গৃহস্থালী কাজে ব্যবহার্য দ্রব্যাদি।
কামাল্লা গ্রামের সন্ধ্যা রাণী পাল ও শিখা রাণী পাল জানান, এখন আগের মতো মাটির জিনিসের কদর নেই। সারা বছর টানাপোড়েনের মধ্যে চলে তাদের সংসার। পূর্বপুরুষের পেশা হওয়ায় ইচ্ছা হলেও ছাড়তে পারছেন না তারা। সারা বছর অবসর সময় পার করলেও, বৈশাখী মেলায় মাটির তৈরি খেলনা ও জিনিসপত্রের চাহিদা থাকায় এ সময়টাতে একটু ব্যস্ততা থাকে তাদের।
কথা হয় মৃৎশিল্পী হরি ভূষন পালের সাথে। তিনি বলেন, ‘বছরের এই একটা উৎসব ঘিরে তাদের অনেক আশা থাকে। এমনিতে সারা বছর মৃৎশিল্পের তেমন চাহিদা থাকে না। এখন আর মাটির জিনিসের তেমন কদরও নেই। বৈশাখ মাস এলে মেলায় মাটির তৈরি খেলনা ও সামগ্রীর চাহিদা থাকে। তাই এ সময়টায় কিছু আয় হয়।’  তবে তিনি হতাশার সুরে বলেন, ‘সরকারের কাছ থেকে আমরা কোন সহযোগীতা পাইনা! সরকার যদি আমাদেরকে সহযোগীতা করতো তাইলে ব্যবসাটা ভালোভাবে করতে পারতাম!’
কানন বালা বলেন, ‘পহেলা বৈশাখে বিভিন্ন জায়গায় মেলা বসে। এই মেলায় শখের বসে অনেকে মাটির সামগ্রী, বিশেষ করে মাটির খেলনা কেনে। তাই এই সময়ে কিছুটা কর্মব্যস্ততা বাড়ে।’
রামচন্দ্রপুর গ্রামের খুশি পাল বলেন, ‘আমার বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই। আমার বিয়ের পর থেকেই এই পেশার সঙ্গে আমি জড়িত। আগে মাটির সামগ্রীর প্রচুর চাহিদা থাকলেও এখন আর তেমন নেই। এই শিল্পের সঙ্গে আমাদের জীবন-জীবিকা নির্ভরশীল।’
স্থানীয় বাসিন্দা শাহীন মোল্লা জানান, ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচাতে সরকারের বহুমুখী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা খুবই প্রয়োজন। এক সময় এই কুমারপাড়ায় মৃৎশিল্পের রমরমা ব্যবসা ছিল। বৈশাখী মেলাকে ঘিরে দিন-রাত কাজ করতো। দম ফেলার ফুরসত পেতোনা। এখন কিছু পাল পরিবার এ পেশাটাকে ধরে রেখেছে। বাকিরা অন্য পেশায় চলে গেছে। এ শিল্পের পুরোনো ঐতিহ্য ও এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের এগিয়ে আসা উচিত।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, প্রকৃতপক্ষে আধুনিকতার ছোঁয়ায় মৃৎশিল্প যে হারিয়ে গেছে তেমনটি কিন্তু নয়। বরং আধুনিকতার ছোঁয়ায় শিল্প কারখানার মাধ্যমে তৈরি হওয়া মাটির তৈজসপত্রর চাহিদা এখন প্রচুর। মুরাদনগরে যদি বেসরকারি কোন কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে এসব মৃৎশিল্পীদের কাজে লাগানো যায়। তাহলে অবশ্যই এই শিল্প থেকে একটা ভালো সুফল পাওয়া সম্ভব। পাশাপাশি মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে বিআরডিবি ও সমবায় কার্যালয় থেকে সরকারি সহায়তার ব্যবস্থা করা হয়ে থাকে। যেহেতু মুরাদনগরে কোন মৃৎশিল্পের বেসরকারি প্রতিষ্ঠান নেই। তাই মৃৎশিল্পীদের এই পেশাকে বাঁচিয়ে রাখতে তারা যেন খুব সহজে সরকারি সহায়তায় পায় এ লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category