আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্রদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল, বর্ণাঢ্য আনন্দ মিছিল ও স্মৃতিচারণমূলক সমাবেশ।
সোমবার (৫ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের উদ্যোগে ৫ আগস্টের আত্মদানকারী শহীদদের স্মরণে প্রথমে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
পরে শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে একটি জাগরণী মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ‘জুলাই চেতনা বাংলার প্রেরণা’, ‘বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ একসাথে’—এমন স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।
সমাবেশে বক্তব্য রাখেন হাসান আল মাছুম, তোফায়েল আহমেদ, আরিফুল ইসলাম সরকার, সোহেল মিয়া, সাইদুল মুরছালিন, সাদিকুর রহমান স্বাধীন খান, কামাল হোসেন, মোঃ সাকিব আহমদ
সৈয়দ দ্বীন ইসলাম স্বপন, রিয়াদ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো সাধারণ আন্দোলন নয়—এটি একটি শ্রেণি-বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জাগরণ। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তধারা আমাদের পথ দেখায়।
তারা আরও বলেন, আজকের তরুণদের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে যে প্রতিবাদী চেতনা জেগে উঠেছে, সেটিই আগামী দিনের সমতার ভিত্তি গড়ে তুলবে। রাষ্ট্রের প্রতিটি স্তরে যে বৈষম্য, দলীয়করন, অনিয়ম ও বঞ্চনা তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।
ছাত্র সমাজের তরুণরা জানান, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ মূলত স্থানীয় ছাত্রদের আত্মত্যাগ, রক্তঝরা অভ্যুত্থান ও বৈষম্যবিরোধী চেতনার এক অগ্নিঝরা দিন। এ দিনটি স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্ম যেন জেগে ওঠে সমাজ পরিবর্তনের দীপ্ত শপথে—এই লক্ষ্যেই প্রতিবছর তারা দিবসটি পালন করে আসছেন।
অনুষ্ঠান শেষে শহীদদের নামে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তারা সবাই ‘বৈষম্যমুক্ত বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।