নিজস্ব প্রতিনিধি।।
”হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান। পরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মুরাদনগর অফিসের আয়োজনে দিবসটি পালনে পরিষদ চত্বর থেকে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি সড়ক প্রদক্ষিন শেষে পরিষদের চত্বরেই শেষ হয়। পরে উপজেলা কিন্ডারগার্টেন মাঠে হাত ধোয়া বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ সময় ইউএনও মোঃ আবদুর রহমান শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিক্ষন কার্ষক্রম পর্যবেক্ষন করেন।
তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাতের মাধ্যমে অনেক জীবানু ছড়ায়। এজন্য খাবারের পূর্বে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিস্কার করতে হবে। এতে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা সম্ভব।
মুরাদনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনসুর আলম এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কৃষি ব্যাংকের ম্যানেজার আল আমিন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, বিএডিসি উপসহকারী প্রকৌশলী কাউছার আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ফিল্ড সুপার ভাইজারগণ।