প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ১১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ১২:২৫ এ.এম
লাকসামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

আবদুল জলিল লাকসাম কুমিল্লা প্রতিনিধি।।
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস–২০২৫। শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ী বৃন্দের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার আশপাশ এলাকায় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা।
লাকসাম উপজেলা সমবায় কর্মকর্তা ভূঁইয়া মোহাম্মদ শাহীনুর রহমান এর সভাপতিত্বে ও দৌলতগঞ্জ জনসেবা শ্রমজীবী সমবায় সমিতির সম্পদ এড, মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায়, আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় সমিতি মানুষের ঐক্যের প্রতীক। একতার মাধ্যমে পরিচালিত হয় সমবায় আন্দোলন, যেখানে একজন সদস্যের দ্বিমতও সমিতির সফলতাকে বাধাগ্রস্ত করতে পারে। তাই সম্মিলিত প্রয়াস ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায়ের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে হবে।
প্রধান অতিথি ইউএনও নার্গিস সুলতানা তাঁর বক্তব্যে বলেন, “সমবায়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। অনেক সদস্য এখনো কম্পিউটার পরিচালনায় দক্ষ নয়—ফলে আধুনিক ব্যবস্থাপনায় তারা পিছিয়ে পড়ছে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সবক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।” তিনি আরও আশ্বাস দেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমবায় সমিতিগুলোর উন্নয়ন ও সহযোগিতা অব্যাহত থাকবে।
লাকসামে ৫৪ তম জাতীয় সমবায় দিবসে প্রধান অতিথি হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন গাজীমুড়া সমবায় সমিতির প্রধান মোঃ রাসেল আহমেদ ও মোহাম্মদপুর আবাবিল সমবায় সমিতির সদস্য বৃন্দ প্রধান অতিথির হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Copyright © 2026 বাংলার টিভি লাইভ. All rights reserved.