মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাটে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে কোটি টাকার লেনদেন থেকে প্রায় আঠারো লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
তদন্ত সূত্রে জানা গেছে, গত ৭ই সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলার এক ব্যবসায়ী নিজের ব্যাংক লোন অ্যাকাউন্ট থেকে ত্রিশ লাখ টাকা স্থানান্তর করেন। কিন্তু কিছু সময়ের মধ্যেই তার অজান্তে ধারাবাহিকভাবে পাঁচটি ট্রানজেকশনে সতেরো লাখ চুয়ান্ন হাজার টাকা সিটি ব্যাংকের একটি অ্যাকাউন্টে স্থানান্তর হয়ে যায়।
ঘটনার পর হাতীবান্ধা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গ আইনে মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তভার নেয় লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি, পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্রানজেকশন ট্র্যাক করে তারা প্রতারণায় জড়িতদের অবস্থান শনাক্ত করে।
এরপর শনিবার বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জাঙ্গালপাশা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— জোনায়েদ বয়স (৪১) বছর এবং দুখাই মাতব্বর বয়স (৪৭) বছর, তারা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যাংক প্রতারণার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
এই বিষয়ে জানতে চাইলে পুলিশ সাংবাদিকদের জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সক্রিয় আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
অন্যদিকে সাইবার অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার।
অনলাইন লেনদেনে সতর্ক থাকুন — যাচাই বাচাই ছাড়া কখনোই অপরিচিত কাউকে কোনো ইমেইল বা লিংকের তথ্য দেবেন না।