প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৪:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ১২:৩৭ পি.এম
লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মাদক সিরাপ জব্দ

মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় গরু ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীন দুর্গাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহলকালে ভারতীয় সীমান্তের দিক থেকে গরু নিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে কয়েকজন চোরাকারবারি। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি ভারতীয় গরু জব্দ করা হয়।
অন্যদিকে একই রাতে বুড়িরহাট বিওপি এলাকায় টহলদল চোরাকারবারিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা বহন করা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তী তল্লাশিতে ১৭০ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত তিনটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধারকৃত মাদক সিরাপের সিজার মূল্য ধরা হয়েছে ৬৮ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৭ লাখ ২৮ হাজার টাকা।
এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
Copyright © 2026 বাংলার টিভি লাইভ. All rights reserved.