প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৩:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১১:৩০ পি.এম
পূর্বধলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ মোরসালিন পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি।।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নেত্রকোনার পূর্বধলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) পূর্বধলা উপজেলার ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে শ্যামগঞ্জ বাজার হাসপাতাল প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১৬১ নেত্রকোনা–৫ (পূর্বধলা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার। তিনি বলেন, বাংলাদেশে যতবার অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ততবারই বাংলার মানুষ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় পাঠিয়েছে। এটি জনগণের আস্থা ও ভালোবাসারই প্রতিফলন।
তিনি আরও বলেন, হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান–মুসলিম—সবাই আমরা বাংলাদেশি। এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতির পথিকৃৎ বিএনপি। এ সম্প্রীতির ভিত্তি গড়ে তুলেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া।
আবু তাহের তালুকদার বলেন, “বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে বিএনপির আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায়। সেদিন ঢাকায় তিল ধরার মতো জায়গা ছিল না। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন—যা প্রমাণ করে তিনি ছিলেন জাতির নেত্রী।
তিনি আরও জানান, আসন্ন দিনে উপজেলার সকল স্তরের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ করে ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার করা হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব—এটাই গণতন্ত্রের মূল কথা, বলেন তিনি।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 বাংলার টিভি লাইভ. All rights reserved.