মো.রাসেল মিয়া,নিজস্ব প্রতিনিধি।।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর (কুমিল্লা-৩) আসনের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি ও সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে শনিবার সন্ধ্যায় উপজেলার ১৭নং জাহাপুর ইউনিয়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মুরাদনগর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ-এর সভাপতিত্বে, জাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোহাগ-এর সঞ্চালনায়
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল মমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বাবুল এবং ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মো. শরীফ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মুরাদনগরে বিএনপির দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিশেষ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের হাতকে শক্তিশালী করতে জাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল রাজপথে সক্রিয় থাকার এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
উপস্থিত নেতাকর্মীরা মনে করেন, এ ধরনের প্রস্তুতি সভা তৃণমূলের কর্মীদের মনোবল চাঙ্গা করবে এবং আসন্ন সংসদ নির্বাচনে দলের বিজয় সুনিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।