প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৬:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১১:৪৭ এ.এম
জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

আবু ইউসুফ নাঈম জামালগঞ্জ, প্রতিনিধি।।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সাচনা বাজারে আয়োজিত এ জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং নায়েবে আমীর ফখরুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) জামায়াতে ইসলামীর সংসদীয় প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।বক্তব্যে তিনি বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও নৈতিক অবক্ষয় থেকে জাতিকে মুক্ত করতে কোরআন-সুন্নাহভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতির চেয়েজনকল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে।মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে জনগণের জানমাল, ইজ্জত ও অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে।তিনি ইসলামপ্রিয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোট ও সমর্থনের মাধ্যমেই একটি দুর্নীতিমুক্ত, শোষণহীন ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।জনসভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর মো. আব্দুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, সিলেট মহানগর ইঞ্জিনিয়ারিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জামালগঞ্জ খেলাফত মজলিস শাখার সভাপতি মাওলানা আলী আকবরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Copyright © 2026 বাংলার টিভি লাইভ. All rights reserved.