ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব মোহাম্মদ নূরুল হকের সমর্থনে সোমবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী শোডাউন ও পথসভা।
দিনভর চলা এই শক্তিপ্রদর্শনে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের মানুষের ঢল নামে। উলামা-মাশায়েখ, ব্যবসায়ী, যুবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
সকালে জাউয়া বাজার থেকে শুরু হওয়া শোডাউনটি গোবিন্দগঞ্জ পয়েন্ট ও ছাতক ট্রাফিক পয়েন্টে পথসভা শেষে দোয়ারাবাজার উপজেলা সদরে এক বিশাল জনসমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে ব্যানার-ফেস্টুনে সজ্জিত এলাকা মুখর ছিল ‘খেজুর গাছ’ প্রতীকের স্লোগানে।
ছাতক ট্রাফিক পয়েন্টে পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ্ব মাওলানা আজিজুর রহমান এবং পরিচালনা করেন উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক এইচ.এম. জিয়াউর রহমান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাইদুর রহমান, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যবুর রহমান চৌধুরী, ইউরোপ জমিয়তের নেতা মাওলানা লুৎফর রহমান বিননূরী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ, যুব জমিয়তের সভাপতি মাওলানা গৌস উদ্দিন, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ত্বাহা হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলীল প্রমুখ।
দোয়ারাবাজার উপজেলা সদরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হামিদ এবং পরিচালনা করেন উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল গফ্ফার রায়হান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা আলহাজ্ব মোহাম্মদ নূরুল হক বলেন,
“জনগণের ভালোবাসা ও আস্থা নিয়েই আমি রাজপথে নেমেছি। আমরা রাজনীতি করি আল্লাহভীতির ভিত্তিতে, ক্ষমতার লালসায় নয়। ইসলাম, দেশ ও মানুষের সেবার রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “ছাতক-দোয়ারাবাজারের জনগণ পরিবর্তন চায়। অন্যায়ের রাজনীতি নয়, সৎ ও আদর্শ নেতৃত্বের রাজনীতি চায়। সেই পরিবর্তনের পথে জমিয়ত-ই হবে মূল শক্তি।”
শোডাউন উপলক্ষে জাউয়া থেকে দোয়ারাবাজার পর্যন্ত বিশাল মোটরসাইকেল
শোডাউন হয়।
এই শোডাউন সুনামগঞ্জ-৫ আসনের নির্বাচনী মাঠে নতুন গতি ও মাত্রা যোগ করেছে। নূরুল হকের বিশাল গণসমাবেশ জমিয়তের সাংগঠনিক শক্তি ও জনগণের আস্থার প্রতিফলন ঘটিয়েছে।