মোঃ মোরসালিন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলা উপজেলার কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে বাৎসরিক বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (গ্রেট-১) এর সমন্বয়ক ও কাজলা গ্রামের কৃতি সন্তান আনসার উদ্দিন খান পাঠান।
অনুষ্ঠানে আগত অতিথিকে বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “কোমলমতি শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। কাজলা গ্রামের সন্তান হিসেবে আমার প্রত্যাশা—এই এলাকার শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের মান ও সুনাম বৃদ্ধি করবে এবং নিজ এলাকার গৌরব উজ্জ্বল করবে।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা এলাকার এ বরেণ্য ব্যক্তিত্বকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। এসময় কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।
স্থানীয় জনসাধারণ এ ধরনের আয়োজনকে শিক্ষার্থীদের অনুপ্রেরণাদায়ক উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং প্রজন্ম ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।