রাশেদ রাসু, নড়াইল প্রতিনিধি।।
নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে জসিম মোল্যা (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল-মাগুরা সড়কের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম মোল্যা সদর উপজেলার হবখালী ইউনিয়নের ফলিয়া গ্রামের জাফর মোল্যার ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে জসিম মোটরসাইকেলযোগে বাড়ি থেকে নড়াইল শহরের দিকে আসছিলেন। পথে ব্র্যাক অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠান। পরে রাত সাড়ে ৮টার দিকে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে কিশোর জসিম নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।