নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে ১০০ পিস ইয়াবাসহ মোঃ রাসেল (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে মুরাদনগর উপজেলা সদরের বেড়িবাঁধের উপর থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ রাসেল মুরাদনগর সদর ইউনিয়নের দিলালপুর পশ্চিম পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে। শনিবার দুপুরে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে বেরিবাঁধের উপর মাদক বিক্রেতা মোঃ রাসেলকে এলাকাবাসী আটক করে মুরাদনগর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এস.আই (নিঃ) মোঃ জামিল মিঞা সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিক্রেতা মোঃ রাসেলকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ৩১৯০ টাকা জব্দ করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আটকৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।