নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় ৫০ পিস ইয়াবাসহ ইয়াছমিন আক্তার (৩৪) নামের এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে চাপিতলা ইউনিয়নের ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজ সংলগ্ন চাপিতলা–রামচন্দ্রপুরগামী সড়ক থেকে ওই নারীকে আটক করা হয়। আটকৃত নারী উপজেলার আকুবপুর ইউনিয়নের মেটংঘর এলাকার শুক্কুর মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের এর নির্দেশনায় ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজ সংলগ্ন চাপিতলা–রামচন্দ্রপুরগামী সড়ক এলাকায় অভিযান চালান
এসআই রিয়াজুল মোস্তফা ও সঙ্গীয় ফোর্স। এ সময় সন্দেহজনক চলাফেরার কারণে ইয়াছমিন আক্তারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে নীরবে মাদক বহনের সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। ইয়াবাগুলো কোথা থেকে এসেছে এবং এই কারবারের সঙ্গে আরো কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।