মোরসালিন, নেত্রকোনা প্রতিনিধি।।
নেত্রকোনা সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ভয়াবহ সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনায় দুইজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সাবেক ইউপি সদস্যও রয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
নিহতরা হলেন—মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া (৫০) ও নূর মোহাম্মদ (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ আগস্ট) রাতে জেলা বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়াকে প্রতিপক্ষ রফিকের নেতৃত্বে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ খবর ছড়িয়ে পড়লে দোজাহানের সমর্থকরা রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায়। পাল্টা হামলায় নূর মোহাম্মদ নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।
আহতদের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
অভিযান ও কড়াকড়ি নিরাপত্তা সত্ত্বেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছেন।