নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে ৪টি ড্রেজার মেশিন ও ৩ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে মুরাদনগর সদর ইউনিয়নের ইউসুফনগর এবং শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালাসহ উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী। ও সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন সহ
অভিযানে সেনাবাহিনী ও পুলিশের একটি চৌকস দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
এ সময় মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী
৪ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মোঃ খায়রুল মিয়া (৩৩), তারা মিয়া (৩৪), আক্কু মিয়া (৩৪) ও কালন মিয়া (৩৫)।
উপজেলা নির্বাহী অফিসার জনাব এ.বি.এম সারোয়ার রাব্বী জানান, অবৈধ ড্রেজিংয়ের ফলে এলাকার কৃষি জমি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এবং মাটির উর্বরতা রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ বালু উত্তোলন বরদাশত করা হবে না।
অভিযান শেষে সাজাপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।