মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসমান নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। এর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার সকালে বুড়িমারী মহাসড়কসহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার দিঘীরহাট এলাকায় সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল ইসমান। এসময় একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হঠাৎ এ মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। সহপাঠীসহ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
বৃহস্পতিবার সকালে নর্থল্যান্ড পরিবারের উদ্যোগে বুড়িমারী মহাসড়কে শিক্ষক–শিক্ষার্থীরা মানববন্ধন করেন। একইদিন সকাল ১০টার দিকে সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে ও মেডিকেল মোড় গোলচত্বরে আরও দুটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে হাতীবান্ধার প্রায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়। হাজারো মানুষ অংশ নেওয়া এ মানববন্ধনে রাজনৈতিক দলের নেতারাও সংহতি জানান।
বক্তারা বলেন, “প্রতিনিয়ত বুড়িমারী মহাসড়কে দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে। যানবাহনের বেপরোয়া গতি, প্রশাসনের উদাসীনতা এবং রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। আমাদের আর কোনো শিক্ষার্থীকে হারাতে চাই না। নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে এখনই।”
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ ঘুরে এসে শেষ হয়। এসময় সাত দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে— নিহত পরিবারের জন্য আর্থিক সহায়তা, মহাসড়ককে চার লেনে উন্নীত করা, দুর্ঘটনাপ্রবণ স্থানে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং নির্মাণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ।
হাতীবান্ধা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমনা বলেন, “আমরা আর ভাই হারাতে চাই না, নিরাপদ সড়ক চাই।”হাতীবান্ধা এস.এস. সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা গুলনাহার বেগম বলেন, “আমরা সরকারের কাছে অনুরোধ করছি অবিলম্বে বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করার ব্যবস্থা নিতে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি নিরাপদ সড়কের দাবিতে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে।