নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ৫বারের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের বড় পিপড়িয়া গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আমজাদ আলী তছুর পৃষ্ঠপোষকতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্রীকাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক মুন্সি।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু ও শ্রীকাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সজল খান, হল্যান্ড বিএনপির সভাপতি সরির উদ্দিন, ব্যবসায়ী মোমেন কন্ট্রাক্টর, মুন্সি গোলাম হাক্কানী, ইমরান খান, জয়নাল আবেদিন, পাবন আহম্মেদ।
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন শ্রীকাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণ।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, “মুরাদনগরের মানুষ হাজার কোটি টাকার মালিক ইউসুফ আব্দুল্লাহ হারুনকে পরাজিত করে আমাকে বিজয়ী করেছিল। টাকা দিয়ে যদি মানুষকে কেনা যেত, তাহলে আমি ওই কোটিপতির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হতে পারতাম না।”
তিনি আরও বলেন, “২০০৮ সালের নির্বাচনে আপনারাই আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার আমাকে পাঁচ বছর আপনাদের প্রতিনিধিত্ব করার অধিকার থেকে বঞ্চিত করেছিল। আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়। আমি বিদেশে থাকলেও আপনাদের খোঁজখবর রাখতাম। আপনারা আমাকে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করলে আপনাদের ওপর পুলিশি নির্যাতন চালানো হতো। এমনকি ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে আমাকে কারাগারে রেখে হত্যার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমতে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি।”
শেষে তিনি উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়ে বলেন, “আগের চেয়েও বেশি ভোটে আমাকে বিজয়ী করবেন—ইনশাআল্লাহ।”