সজীব হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আশরাফুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ৩:৫০মিনিটের দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি বাজারে আক্তার মিয়ার বিকাশের দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম সোনারগাঁ উপজেলার খংসারদী গ্রামের মৃত ওসমান গনির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।