নিজস্ব প্রতিনিধি।।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ডাকাতির গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চলছে। এ ধরনের গুজবে কান না দিয়ে তথ্যের সত্যতা যাচাই এবং সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গোকুলনগর দক্ষিণপাড়া জামে মসজিদে জুমার নামাজের আগে এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ওসি বলেন, বিভিন্ন এলাকায় ডাকাতির গুজব ছড়ানোর বিষয়টি পুলিশের নজরে এসেছে। তবে প্রচারিত তথ্যের সত্যতা যাচাই না করে আতঙ্কিত হওয়া কিংবা তা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত নয়। কোথাও ডাকাতির ঘটনা ঘটেছে—এমন তথ্য পাওয়া গেলে তা যাচাই করে পুলিশকে জানাতে হবে।
তিনি আরও বলেন, গুজবের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা অপরাধ সংঘটনের চেষ্টা করতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে তাৎক্ষণিক পুলিশকে খবর দিতে হবে।
এ সময় তিনি মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশকে সহযোগিতার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।