মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত এক নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোররাতে উপজেলার আউলিয়ার হাট সংলগ্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম আতিক হাসান (২৫)। তিনি পাটগ্রাম থানার পশ্চিম শাখা ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি। তাঁর বাড়ি উপজেলার সীমান্তপাড়া এলাকায়। তিনি বজলার রহমানের ছেলে।
৬১ বিজিবি (তিস্তা ব্যাটালিয়ন) জানায়, ভোরে ব্যাটালিয়নের অধীন পঁয়ষট্টি বাড়ি বিওপির একটি টহল দল সীমান্তের মেইন পিলার নম্বর ৮৪৬–এর আশপাশে বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে চলাফেরা করতে দেখে। এ সময় অভিযান চালিয়ে আতিক হাসানকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তির কাছ থেকে প্রায় দুই ফুটের বেশি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
পরে শনিবার দুপুরে বিজিবির পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আতিক হাসানকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বিজিবির দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার তাঁকে আদালতে পাঠানো হবে। পলাতক অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ইসলামী ছাত্রশিবিরের পাটগ্রাম সাংগঠনিক পূর্ব থানা শাখার সভাপতি মো. আলমগীর খোরশেদ জানান, আতিক হাসান ২০২১ সালেই সংগঠন থেকে বহিষ্কৃত হন এবং বর্তমানে তাঁর সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।