নিজস্ব প্রতিনিধি।।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পাবলিক লাইব্রেরিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাহ মোজাম্মেল হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ ফায়ার ফাইটার, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ বিষয়ক বিভিন্ন কার্যক্রমের মহড়া প্রদর্শন করা হয়।