নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে হত্যা, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৪টি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কুখ্যাত আইনুল ডাকাত’কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার আপন বড় ভাই, আন্তঃজেলা ডাকাত দলের আরেক সদস্য নুরুল ডাকাত কৌশলে পালিয়ে যায়। নুরুল ডাকাতের বিরুদ্ধেও রয়েছে হত্যা ও ডাকাতি সহ ৪টি মামলা।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার দুপুরে তার বিরুদ্ধে ডাকাতি ও মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আনাল হক ওরফে আইনুল (৩৮) উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামের করম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্বাস কবির চৌধুরী, এসআই মো. আব্দুল্লাহ আল মাসুদ, এসআই রুহুল আমিন এবং সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স সুবিলারচর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় আইনুল পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তার আঘাতে এসআই আব্বাস কবির চৌধুরী ও এসআই রুহুল আমিন আহত হন। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে আইনুলকে গ্রেপ্তারের খবর পেয়ে তার আপন বড় ভাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নুর ইসলাম ওরফে ‘নুরুল’ ডাকাত (৪৬) কৌশলে পালিয়ে যায়।
মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে সুবিলারচর গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সদস্য আইনুলকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, আইনুলের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৪টি মামলা রয়েছে। বর্তমানে একটি ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে মাদক ও ডাকাতি মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।