নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্ৰামে এলাকাবাসীর চলাচলের রাস্তা অবৈধভাবে দখল করা সরকারি হালট দখলমুক্ত করে লাল নিশানা স্থাপন করে দিয়েছে প্রশাসন।
সোমবার (৯ মার্চ) দুপুরে সরকারি সার্ভেয়ার মো. শরিফুল ইসলাম ১ নং খাস খতিয়ানভুক্ত ৫২৬ দাগের ৮ শতক
সরকারি হালট পরিমাপ করে লাল নিশানা স্থাপন করে দেন।
জানা গেছে, এলাকাবাসী মিলে চলাচলের জন্য ওই হালটের উপর দিয়ে মাটি ফেলে রাস্তা তৈরি করে চলাচল করে আসছে। কিন্তু সম্প্রতি মৃত ইউসুফ আলীর ছেলে জাকির ও নজরুল গং রাস্তার দুই পাশে তাদের জায়গা ভরাট করে চলাচলের রাস্তা সহ দখল করে ফেলে গাছ দিয়ে বেড়া দিয়ে দেয়। এতে এলাকাবাসীর চলাচলে বাধাগ্রস্ত হয়। পরে এলাকাবাসী উপজেলা প্রশাসনের ধারস্থ হলে প্রশাসন সরকারি জায়গাটি দখলমুক্ত করে।
উপজেলা প্রশাসন জানান, সরকারি খাস জমি কোনোভাবেই দখল করে রাখার সুযোগ নেই।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।