সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
দীর্ঘদিন ধরে ভাঙাচোরা সড়ক, খানাখন্দ ও জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মঙ্গলেরগাঁও ও পাঁচানী এলাকার বাসিন্দারা। স্থানীয় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ব্যক্তিগত অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন মেম্বার পদপ্রার্থী আল আমিন।
সম্প্রতি মঙ্গলেরগাঁও থেকে পাঁচানী পর্যন্ত দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশে সংস্কারকাজ করা হয়। এতে সড়কের খানাখন্দ ও চলাচলের অনুপযোগী অংশগুলো সংস্কার করে সাধারণ মানুষের যাতায়াতের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশ থাকায় পথচারী, রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।
বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
মেম্বার পদপ্রার্থী আল আমিন বলেন, “জনপ্রতিনিধি হওয়ার আগেই এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব মনে করি। দীর্ঘদিনের ভাঙাচোরা সড়কের কারণে মানুষের যে দুর্ভোগ হচ্ছিল, তা দেখে নিজের সামর্থ্য অনুযায়ী সংস্কারের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে পাশে থাকতে চাই।”
স্থানীয় বাসিন্দারা বলেন, জনপ্রতিনিধি না হয়েও ব্যক্তিগত অর্থায়নে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে এগিয়ে আসা প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, এলাকার অন্যান্য সমস্যার সমাধানেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, মঙ্গলেরগাঁও-পাঁচানী সড়কটি সংস্কারের ফলে কয়েকটি গ্রামের মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও দৈনন্দিন কাজে যাতায়াতকারী সাধারণ মানুষও এর সুফল পাবেন।