নিজস্ব প্রতিনিধি।।
“হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়। মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তি যে দলেরই হোক না কেন তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না।” মুরাদনগর থানার আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশে এমনই কঠিন হুঁশারি দিয়েছেন মুরাদনগর থানা পুলিশ ও আগত অতিথিবৃন্দ।
শনিবার (২২ আগস্ট) বিকালে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার ঠেকাতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, মুরাদনগর উপজেলাকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সমাবেশে মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা গোপন না করে দ্রুত মুরাদনগর থানা-পুলিশকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান পুলিশ প্রশাসন।
মুরাদনগর থানার এসআই আব্বাস কবির চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম কামরুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ মোল্লা, কামাল উদ্দিন ভূঁইয়া, এডভোকেট মোহাম্মদ মহসীন মিয়াসহ অন্যান্যরা।
সমাবেশে উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক নজরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।