নিজস্ব প্রতিনিধি।।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কুমিল্লার মুরাদনগরে আবারও বড় ধরনের সাফল্য দেখালো মুরাদনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) সন্ধ্যায় জাহাপুর ইউনিয়নের জাহাপুর গ্রামের মধ্যপাড়া অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ ময়নাল হোসেন (৪২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ময়নাল হোসেন জাহাপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
পুলিশ জানায়, জাহাপুর গ্রামে মাদকের চালান হাতবদল হতে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই কামরুজ্জামান এর নের্তৃত্বে এএসআই মহসিন আলম ও এএসআই মোজাম্মেল সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ময়নাল হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে রক্ষিত ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ময়নাল হোসেন অনেকদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানায়, আটককৃত ময়নাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।