নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম দীর্ঘ ৩০ বছর সফল প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে গেছেন। তাঁর এই দীর্ঘ কর্মজীবন এবং বিদায় উপলক্ষে বিদ্যালয় পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারী প্রধান শিক্ষক সৈয়দ আজিজুর রহমানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান।
সহকারী শিক্ষক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম তালুকদার। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, “দীর্ঘ ৩০ বছর ধরে প্রধান শিক্ষক হিসেবে তিনি পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা বিস্তারে যে অসামান্য অবদান রেখেছেন, তা এলাকাবাসী ও বিদ্যালয় পরিবার চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। তাঁর সততা, কর্মনিষ্ঠা এবং দূরদর্শী নেতৃত্বে আমাদের এই বিদ্যালয়টি আজকের এই মর্যাদাপূর্ণ অবস্থানে এসে পৌঁছেছে। তাঁর অবসর আমাদের জন্য একটি বড় শূন্যতা তৈরি করল, যা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
অন্যান্য বক্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি কেবল একজন শিক্ষকই ছিলেন না, বরং ছিলেন একজন দক্ষ প্রশাসক ও অভিভাবকতুল্য মুরুব্বি। তাঁর শূন্যতা বিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি, তবে তাঁর আদর্শ ও দিকনির্দেশনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে সুদীর্ঘ ৩০ বছর ধরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং বিদ্যালয়ের অব্যাহত সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষকতা পেশার প্রতি আজীবন উৎসর্গীকৃত এই গুণী শিক্ষক ১৯৯৬ সাল থেকে সুদীর্ঘ ৩০ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে বিদ্যালয়টির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং পাশের হার বৃদ্ধিতে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন। তাঁর হাত ধরে বিদ্যালয়টি অত্র অঞ্চলে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করে।
অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ও প্রয়াত দুই শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও বাবু মধুসূদন দত্ত ও বিদ্যালয়ের কর্মচারী আব্দুল কুদ্দুস এর পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট এবং উপহার তুলে দেন প্রধান অতিথি ও আগত অতিথিবৃন্দ।