নিজস্ব প্রতিনিধি।।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে কুমিল্লার মুরাদনগরে জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ও পার্শ্ববর্তী উপজেলার ধর্মীয়-সামাজিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
শনিবার (২৮ নভেম্বর) মুরাদনগর উপজেলা সদরের শ্রীশ্রী সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এই ‘পুনর্মিলনী-২০২৬’ আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক দীন দয়াল পালের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন দয়ানন্দ ঠাকুর ও রঞ্জন কুমার পোদ্দার। অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি দাপ্তরিক ব্যস্ততার কারণে তিনি যোগ দিতে পারেননি।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ ডা. যুগল ব্রহ্মচারী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য শ্রী নারায়ণ সরকার, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী দুলাল দেবনাথ এবং যুগ্ম আহ্বায়ক শ্রী অঞ্জন রায়।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু শংকর রায়, পূর্বধৈইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু শুকলাল দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দার পিংকু, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার দাস ও সাংগঠনিক সম্পাদক মানিক সাহা।
আয়োজনে মুরাদনগরের বিভিন্ন ইউনিয়ন ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি হোমনা, দেবিদ্বার ও দাউদকান্দি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক ভক্ত ও সুধীজন অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা সমাজে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, উৎসব-পরবর্তী এ ধরনের আয়োজন বিভিন্ন এলাকার মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা শেষে আগত অতিথি ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে ঢাকা থেকে আগত জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, যা পুরো মন্দির প্রাঙ্গণকে আনন্দঘন ও উৎসবমুখর করে তোলে।