নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডি (ফেইক অ্যাকাউন্ট) ব্যবহার করে মানহানিকর তথ্য ও অপপ্রচার চালানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ দুলাল সরকার।
সম্প্রতি একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে এমন অভিযোগ এনে তিনি এই আইনি পদক্ষেপ নেন।
থানায় দায়েরকৃত জিডিতে বিএনপি নেতা দুলাল সরকার উল্লেখ করেন, একটি কুচক্রী চক্র দীর্ঘদিন ধরে তার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে সক্রিয় রয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি “দৈনিক মুরাদনগরের মেঘবার্তা”, “পরমতলার আলো” ও MD Bashar Khan সহ কিছু বেনামী ও ফেক আইডি থেকে আমার ছবি ব্যবহার করে আওয়ামীলীগ নেতাকর্মী সাথে জড়িয়ে আমার বিষয়ে নানা ধরনের মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে। উক্ত ফেইসবুক পোস্ট সমূহ’তে আমার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে লাইক-কমেন্টস করে। এতে আমার মান-সম্মান ক্ষুন্য হচ্ছে। অজ্ঞাতনামা বিবাদীদের পূনাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ সহ অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। সকল তথ্য-উপাত্ত সংগ্রহ করে পরবর্তীতে সাইবার ক্রাইম ট্রাইব্যানাল চট্টগ্রামে মামলা দায়ের করব।
বিএনপি নেতা দুলাল সরকার বলেন, আমি বহু বছর ধরে বর্তমান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদার কর্মী হিসেবে বিএনপির রাজনীতি করে আসছি। গত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্টের আমলে আমি বহু মামলা হামলার শিকার হয়েছি। কারাবরণও করেছি। আগামী ইউপি নির্বাচনে আমি মুরাদনগর উপজেলাধীন ১৬ নং ধামঘর ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেক আইডি দিয়ে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছে ওই চক্রটি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাইবার অপরাধের প্রতিকার চেয়ে থানায় জিডি করেছি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে দ্রুত আসল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বলে আমি আশাবাদী।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, ফেক আইডি থেকে অপপ্রচারের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।