নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে মাদকসেবন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) একাধিক মামলার আসামি মো. শাহীনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার দিবাগত রাতে নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ শাহীন মিয়া উত্তর ত্রিশ গ্রামের গোলাম হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় উত্তর ত্রিশ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামির তথ্য যাচাই-বাছাই করে দেখা যায়, তার বিরুদ্ধে পূর্বে জারি হওয়া একটি সিআর (CR) মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। ফলে তাকে মাদক সংক্রান্ত অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি আদালতের ওয়ারেন্টমূলে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে।