নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫২৫ পিস ইয়াবাসহ নাছিমা আক্তার (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ।
শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত রাতে মুরাদনগর থানাধীন জাহাপুর ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাছিমা আক্তার চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার মধ্যম পতেঙ্গার মুসলিমবাদ এলাকার মৃত রাজা মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর দিকনির্দেশনায় এসআই রাজু বড়ুয়া ও তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় জাহাপুর ইউনিয়ন পরিষদের সামনে তল্লাশি চালিয়ে ৫২৫ পিস ইয়াবাসহ নাছিমা আক্তার কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এই মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, মাদক আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। আজকের এই পদক্ষেপ আমাদের মনে স্বস্তি এনে দিয়েছে। আমরা চাই, মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিত ও কঠোরভাবে অব্যাহত থাকুক। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ প্রশাসনকে আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে শুক্রবার কুমিল্লার বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।