নিজস্ব প্রতিনিধি।।
মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা এবং কিশোর গ্যাং প্রতিরোধে ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার
লাজৈর গ্রামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) বিকালে বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের যুব সমাজের আয়োজনে লাজৈর দাখিল মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইটালি প্রবাসী ব্যবসায়ী মো. ওমর ফারুকের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ।
সভায় মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা, সামাজিক অবক্ষয় এবং তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু পুলিশের একার পক্ষে সমাজের সব সমস্যা সমাধান সম্ভব নয়। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে জনগণের সচেতন অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।”
তিনি মাদকসেবী ও মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, “যে কোনো তথ্য গোপনীয়তার সঙ্গে গ্রহণ করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরো বলেন, “মাদক প্রতিরোধে মুরাদনগর থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।”
বাবুটিপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাসেল হোসেন মুন্সির সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, বাবুটিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মুন্সী, ইতালি প্রবাসী ওমর ফারুক, এডভোকেট জসিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সেলিম উদ্দিন, রেনেসাঁ মডেল একাডেমির রোম্মন আহাম্মদ মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন চৌধুরী, পাহাড়পুর ইউনিয়ন যুবদলের আব্দুল হান্নান, যুব সমাজের মিরাজ হোসেন সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাং একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে পরিবার, সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনায় মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সভায় এলাকাবাসী মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় লাজৈর গ্ৰামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।