রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।।
কুড়িগ্রামের রৌমারীতে বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল আউয়ালের বিরুদ্ধে শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকেলের দিকে বিদ্যালয় চত্বরে এই মানববন্ধনে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে উক্ত শিক্ষক শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। এ কারণে শিশু শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ছে এবং শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করার পরিবর্তে নির্যাতনের শিকার হওয়া কখনো মেনে নেওয়া যায় না। তারা দ্রুত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় অভিভাবক ও স্থানীয়রা জানান, শিক্ষকের এমন আচরণ শিক্ষার্থীদের মনোবল ভেঙে দিচ্ছে। প্রাথমিক স্তরে কোমলমতি শিশুদের এভাবে নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা অধিদপ্তর ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা চাই শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করুক। এ ধরনের শিক্ষক বিদ্যালয়ে থাকা মানেই শিক্ষার পরিবেশ ধ্বংস হওয়া। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।