• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

মুরাদনগরে গোমতী রক্ষায় সেনাবাহিনী-প্রশাসনের যৌথ অভিযান

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

গোমতী নদীর তীর রক্ষা ও পরিবেশ সংরক্ষণে কুমিল্লার মুরাদনগরে অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। দীর্ঘদিনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এই অভিযান স্থানীয়ভাবে ব্যাপক গুরুত্ব বহন করছে।
রবিবার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন মুরাদনগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোমতী নদীর তীরবর্তী নবীপুর (পশ্চিম) ইউনিয়নের মালিশাইর ও ধামঘরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে উর্বর মাটি উত্তোলন করে ইটভাটা ও কৃষিজমি ভরাটে ব্যবহার করা হচ্ছিল। এতে নদীর তীর ভাঙন ও প্রতিরক্ষা বাঁধের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল।
অভিযান চলাকালে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত একাধিক ড্রেজার ও এক্সকাভেটর বিকল করে দেওয়া হয় এবং মাটিবাহী ট্রাক্টর জব্দ ও ধ্বংস করা হয়। সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন বলেন, গোমতী নদীর তীর রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নদী ও কৃষিজমি ধ্বংস করে কেউ অবৈধভাবে মাটি উত্তোলন করতে পারবে না। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় সচেতন মহল বলছে, নদী রক্ষায় এ ধরনের নিয়মিত ও কার্যকর উদ্যোগ অব্যাহত থাকলে ভাঙন ও পরিবেশ বিপর্যয় অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এছাড়া, সন্দেহজনক বা অস্বাভাবিক কোনো কার্যকলাপ পরিলক্ষিত হলে সেনা ক্যাম্পে দ্রুত অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category