নিজস্ব প্রতিনিধি।।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ধামঘর ইউনিয়ন ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়নের ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম সফলভাবে পরিচালনা করা হয়।
”সাধারণ মানুষের পাশে, আমরা সবসময়” —এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বাজারমূল্যের চেয়ে অনেক সাশ্রয়ী মূল্যে আটা (প্রতি কেজি ৩০ টাকা দরে ৫ কেজি), ১ লিটার সয়াবিন তেল, বড় ফ্যামিলি প্যাক নুডলস, সেমাই ও ১ কেজি ডিটারজেন্ট পাউডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি প্যাকেজ সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়। বাজারদরের চেয়ে কম মূল্যে এসব পণ্য কিনতে পেরে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক স্বস্তি দেখা গেছে।
পণ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বাজার মনিটরিং ও সামগ্রিক দিকনির্দেশনা দেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান ছিটন।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহাদ হাসান, সদস্য আনোয়ার হোসেন এবং ধামঘর ইউনিয়ন ছাত্রদল নেতা নাজমুল সরকার, আনজুমান, ইকরাম হোসেন, মহসিনসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।