সজীব হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহপাঠীদের সঙ্গে ঘুরতে গিয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই সহোদরসহ তিন স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। পরে ডুবুরি দল অভিযান চালিয়ে দুই সহোদর ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে। এখনো অপর এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকার কাঁশপুর বাগানসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ তিন স্কুলছাত্র হলো মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলীমের ছেলে আবির (১৪)।
তিনজনই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। জমজ দুই ভাই আরিফিন ও আশিকিন নবম শ্রেণির এবং আবির অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে কয়েকজন সহপাঠীর সঙ্গে ভাটিবন্দর কাঁশপুর বাগান এলাকায় ঘুরতে যায় তারা। একপর্যায়ে কয়েকজন মেঘনা নদীতে গোসল করতে নামে। সাঁতার কাটার সময় তিনজন পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
অভিযানে দুই সহোদর আরিফিন ও আশিকিনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সহপাঠী আবিরের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।